সকল নাগরিকের সহযোগিতা ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়: সিসিক প্রশাসক
-
নিউজ প্রকাশের তারিখ :
Mar 6, 2026 ইং
-
পঠিত: ১৮ বার
সিলেটকে একটি টেকসই ও মানবিক নগর হিসেবে গড়ে তুলতে সংশ্লিষ্ট সকলের সম্মিলিত সহযোগিতা অপরিহার্য বলে মন্তব্য করেছেন আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট সিটি কর্পোরেশনের পূর্ণকালীন প্রশাসক।
মঙ্গলবার (০৩ মার্চ) বিকেলে নগরীর রোজ ভিউ হোটেল-এ সিলেট সিটি কর্পোরেশন ও SNV Netherlands Development Organisation-এর যৌথ আয়োজনে ‘নগরভিত্তিক পানিচক্রের টেকসই রূপান্তর’ প্রকল্পের আওতায় অনুষ্ঠিত মাল্টি-স্টেকহোল্ডার সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রশাসক বলেন, একটি শহরের প্রকৃত উন্নয়ন কেবল অবকাঠামোর মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং নাগরিক সচেতনতা, সুশাসন এবং সকল অংশীজনের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমেই টেকসই উন্নয়ন অর্জন সম্ভব। তিনি নগর উন্নয়নে পানিসম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা, পরিবেশবান্ধব পরিকল্পনা এবং কার্যকর সমন্বয়ের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
আব্দুল কাইয়ুম চৌধুরী আরও বলেন, সিটি কর্পোরেশন জনগণের সেবায় নিবেদিত একটি প্রতিষ্ঠান। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি প্রযুক্তিনির্ভর সেবা সম্প্রসারণ, নাগরিক অভিযোগ ব্যবস্থার আধুনিকায়ন এবং দ্রুত সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। সম্মিলিত প্রচেষ্টায় একটি উন্নত, সমৃদ্ধ ও মানবিক নগর গড়ে তোলার আশাবাদ ব্যক্ত করে তিনি সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্মসচিব) মোহাম্মদ রেজাই রাফিন সরকার, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক সুবর্ণা সরকার। এছাড়া উপস্থিত ছিলেন সিসিকের সচিব (অ.দা.) বিশ্বজিত দেব, প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) মো. আলী আকবর, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোহাম্মদ একলিম আবদীনসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।
নিউজটি আপডেট করেছেন : Utfal Barua
কমেন্ট বক্স