কর্ণফুলীতে স্বাধীনতা দিবস উদযাপন, মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা
-
নিউজ প্রকাশের তারিখ :
Mar 26, 2026 ইং
-
পঠিত: ৩০৪ বার
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে মহান স্বাধীনতা দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সম্মান জানাতে আলোচনা সভা ও শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানের আয়োজন করে কর্ণফুলী উপজেলা প্রশাসন। এতে স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল ১০টায় কর্ণফুলী উপজেলা প্রশাসনের অডিটোরিয়াম হলে আয়োজিত এ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা সজিব কান্তি রুদ্রের সভাপতিত্বে এবং সহকারী কমিশনার (ভূমি) আল আমিন হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৩ (আনোয়ারা–কর্ণফুলী) আসনের মাননীয় সংসদ সদস্য সরওয়ার জামান নিজাম।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সরওয়ার জামান নিজাম বলেন, ১৯৭১ সালের ২৫ মার্চের কালরাতে পাকিস্তানি হানাদার বাহিনী নিরস্ত্র বাঙালির ওপর নির্মম হত্যাযজ্ঞ চালায়। সেই ভয়াল সময় কালুরঘাট বেতারকেন্দ্র থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দেন, যা বাঙালি জাতিকে স্বাধীনতার সংগ্রামে অনুপ্রাণিত করে। তিনি বলেন, সেই ঘোষণার মধ্য দিয়েই বাঙালি জাতি স্বাধীনতার চূড়ান্ত লক্ষ্যে এগিয়ে যায় এবং দীর্ঘ রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে অর্জিত হয় একটি স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ।
তিনি আরও বলেন, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের রাজনীতিতে বহুদলীয় গণতন্ত্রের ভিত্তি প্রতিষ্ঠা করেছিলেন। পরবর্তীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া বহুদলীয় সংসদীয় গণতন্ত্রকে শক্তিশালী করেন। বক্তারা বলেন, স্বাধীনতার চেতনা ও গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষা করতে হলে মুক্তিযুদ্ধের আদর্শকে ধারণ করে এগিয়ে যেতে হবে।
প্রধান অতিথি আরও বলেন, দেশের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় যেসব বীর সেনা ও দেশপ্রেমিক মানুষ আত্মত্যাগ করেছেন, তাদের অবদান জাতি কখনো ভুলবে না। তিনি বিশেষভাবে ৫ আগস্টের সেইসব সাহসী সেনাদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন, যাদের আত্মত্যাগ ও সংগ্রামের মধ্য দিয়ে দেশে আবারও গণতন্ত্র ফিরে এসেছে বলে তিনি উল্লেখ করেন।
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীনূর আলম, বীর মুক্তিযোদ্ধা আজিজুল হক, দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলী আব্বাস, দক্ষিণ জেলা বিএনপির সদস্য ও কর্ণফুলী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক এস এম মামুন মিয়া, দক্ষিণ জেলা বিএনপির সদস্য ও সাবেক উপজেলা সদস্য সচিব হাজী ওসমান, বিএনপি নেতা অ্যাডভোকেট এস. এম. ফোরকান, দক্ষিণ জেলা ছাত্রদলের সদস্য সচিব কামরুদ্দীন সবুজ এবং শফিউল আলম চৌধুরী জাকারিয়া প্রমুখ।
বক্তারা মহান স্বাধীনতা যুদ্ধের শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং বীর মুক্তিযোদ্ধাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের বিনিময়েই বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে। তাই স্বাধীনতার চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠানে উপস্থিত বীর মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে সম্মাননা জানানো হয়। পাশাপাশি স্বাধীনতা যুদ্ধের স্মৃতি ও ইতিহাস তুলে ধরে আলোচনা করা হয়। অনুষ্ঠানটি কর্ণফুলীতে মহান স্বাধীনতা দিবসের তাৎপর্য তুলে ধরার পাশাপাশি মুক্তিযুদ্ধের চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে বিবেচিত হয়েছে।
নিউজটি আপডেট করেছেন : Sarwar Rana
কমেন্ট বক্স