বিদেশে পাঠানোর প্রলোভনে প্রতারণা: ভুয়া এনএসআই সদস্য গ্রেপ্তার
-
নিউজ প্রকাশের তারিখ :
Feb 8, 2026 ইং
-
পঠিত: ৬৭ বার
চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশ থানাধীন ২নং গেইট বিপ্লব উদ্যান এলাকার ‘দিল খুশ জ্যুস বার’-এ বিদেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে প্রতারণার অভিযোগে এক ভুয়া এনএসআই সদস্যকে আটক করেছে পুলিশ। সোমবার (০৯ ডিসেম্বর ২০২৫) রাত সাড়ে দশটার দিকে এ ঘটনা ঘটেছে বলে জানা যায়। জ্যুস বারের স্টাফদের কাছ থেকে দীর্ঘদিন ধরে এনএসআই পরিচয় দিয়ে অর্থ হাতিয়ে নেওয়া ওই যুবক—সৈয়দ আহমদ শিমুল—সেদিনও একই কায়দায় আরও অর্থ নেওয়ার চেষ্টা করছিলেন। এ সময় ভুক্তভোগী পূনম বড়ুয়া নিশান সন্দেহ প্রকাশ করলে তিনি চট্টগ্রাম মেট্রো এনএসআই কার্যালয়ের সঙ্গে যোগাযোগ করেন। পরে এনএসআই প্রতিনিধি দল ঘটনাস্থলে এসে যাচাই-বাছাই করে নিশ্চিত হয় যে আটক ব্যক্তি এনএসআই-এর কোনো সদস্য নন, বরং পরিচয় ভুয়া।
পরবর্তীতে এনএসআই সদস্যরা বিষয়টি পাঁচলাইশ মডেল থানা পুলিশকে অবহিত করলে থানা পুলিশ এসে প্রতারককে আটক করে থানায় নিয়ে যায়। আটক ব্যক্তি মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার কেওয়ালীঘাট এলাকার বাসিন্দা বলে জানা গেছে। তার নাম সৈয়দ আহমদ শিমুল, পিতা মো. নাসির আলী। অভিযোগ রয়েছে, দীর্ঘদিন ধরে তিনি এনএসআই কর্মকর্তা পরিচয় দিয়ে বিদেশে পাঠানোর মিথ্যা আশ্বাসে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে অর্থ হাতিয়ে আসছিলেন। দিল খুশ জ্যুস বারের স্টাফদের কাছ থেকেও তিনি একাধিকবার টাকা আদায় করেন।
ঘটনার দিন আরও টাকা নেওয়ার উদ্দেশ্যে আসলে তার প্রতারণার ফাঁদ ভেঙে পড়ে এবং স্থানীয়দের সহযোগিতায় তাকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়া হয়। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এ ঘটনায় পাঁচলাইশ মডেল থানায় প্রতারকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের করা হয়েছে। পুলিশ মনে করছে, তার বিরুদ্ধে আরও ভুক্তভোগী সামনে আসতে পারেন এবং তার প্রতারণার পরিসর আরও বিস্তৃত হতে পারে।
নিউজটি আপডেট করেছেন : Sarwar Rana
কমেন্ট বক্স