ইরান যুদ্ধ বন্ধে চীনের তোড়জোড়, সৌদিতে বিশেষ দূত

প্রকাশিত: 07:55 সকাল, 18 মার্চ 2026
চলমান ইরান যুদ্ধ বন্ধে মধ্যস্থতার লক্ষ্যে সৌদি আরব সফর করছেন চীনের মধ্যপ্রাচ্যবিষয়ক বিশেষ দূত ঝাই জুন। এরইমধ্যে সৌদি জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন তিনি। খবর বিবিসির।

ঝাই জুন বলেছেন, উপসাগরীয় অঞ্চলে শান্তি–স্থিতিশীলতা বজায় রাখতে অবিরাম চেষ্টা চালাতে রিয়াদের সঙ্গে কাজ করতে প্রস্তুত বেইজিং।

তিনি চীনকে রিয়াদের ভালো বন্ধু ও অংশীদার বলে বর্ণনা করেন। সফরকালে তিনি সৌদির আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদের সঙ্গে বৈঠক করেন।

ঝাই জুন বর্তমান আঞ্চলিক উত্তেজনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন, উপসাগরীয় দেশগুলোর সার্বভৌমত্ব, নিরাপত্তা ও ভৌগোলিক অখণ্ডতা লঙ্ঘন করা উচিত নয়। নিরীহ বেসামরিক মানুষ ও সামরিক নয়—এমন লক্ষ্যবস্তুতে যেকোনো হামলার নিন্দা করা উচিত।

চলমান সামরিক অভিযান অবিলম্বে বন্ধ করার বিষয়ে বেইজিংয়ের আহ্বান পুনর্ব্যক্ত করেন ঝাই জুন।

এর আগে ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনিকে লক্ষ্যবস্তু করার ইসরাইল ও যুক্তরাষ্ট্রের যেকোনো প্রচেষ্টার বিরোধিতা করেছে চীন।

সোমবার (৯ মার্চ) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুয়ো জিয়াকুন এক সংবাদ সম্মেলনে বলেন, ‘কোনো অজুহাতে অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের বিরোধিতা করে চীন। ইরানের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও ভৌগোলিক অখণ্ডতাকে সম্মান করা উচিত।’

তিনি আরও বলেন, নতুন সর্বোচ্চ নেতা নিয়োগের বিষয়টি ইরানের সংবিধান অনুযায়ী দেশটির নিজস্ব সিদ্ধান্ত।