‎দ্বি-বার্ষিক নির্বাচনে কর্ণফুলী প্রেসক্লাবের সভাপতি নয়ন, সম্পাদক ওসমান

প্রকাশিত: 02:40 দুপুর, 24 মার্চ 2026
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় সাংবাদিকদের সংগঠন কর্ণফুলী প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনের মাধ্যমে সংগঠনটির নতুন নেতৃত্ব হিসেবে সভাপতি পদে মোর্শেদুর রহমান নয়ন এবং সাধারণ সম্পাদক পদে মোঃ ওসমান হোসেন নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার (২৪ মার্চ) বিকেলে উপজেলার একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত এ নির্বাচনে কর্ণফুলীতে কর্মরত বিভিন্ন জাতীয় ও স্থানীয় গণমাধ্যমের সাংবাদিকরা অংশগ্রহণ করেন। আংশিক এ নির্বাচনে প্রধান দুটি পদে মোট পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ১৪ জন। সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন মোর্শেদুর রহমান নয়ন এবং দৈনিক আজাদী পত্রিকার কর্ণফুলী প্রতিনিধি মোঃ মহিউদ্দিন। ভোট গণনা শেষে দেখা যায়, মোর্শেদুর রহমান নয়ন ৯টি ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ মহিউদ্দিন পেয়েছেন ৫টি ভোট। অন্যদিকে সাধারণ সম্পাদক পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে দৈনিক আমার সংবাদ পত্রিকার কর্ণফুলী প্রতিনিধি মোঃ ওসমান হোসেন ৭টি ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দৈনিক পূর্বদেশ পত্রিকার কর্ণফুলী প্রতিনিধি মোঃ আয়াজ পান ৬টি ভোট এবং দৈনিক জনবাণী পত্রিকার কর্ণফুলী প্রতিনিধি মোঃ বেলায়েত হোসেন পান ১টি ভোট। নির্বাচনকে ঘিরে সকাল থেকেই স্থানীয় সাংবাদিকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। দীর্ঘদিন পর সংগঠনটির নেতৃত্ব নির্ধারণে ভোটাধিকার প্রয়োগ করতে পেরে অনেকেই সন্তোষ প্রকাশ করেন। শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয় এবং পরে গণনা শেষে ফলাফল ঘোষণা করা হয়। ফলাফল ঘোষণার পর নবনির্বাচিত নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে অভিনন্দন জানান উপস্থিত সাংবাদিকরা। এ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন চরলক্ষ্যা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু তালেব মাস্টার। সার্বিক নির্বাচন পরিচালনায় সহযোগিতা করেন শাহ অহিদিয়া কেজি অ্যান্ড হাইস্কুলের পরিচালক শফিক সাদেক। নির্বাচন সংশ্লিষ্টরা জানান, সাংবাদিকদের অংশগ্রহণে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা সম্ভব হয়েছে, যা কর্ণফুলী প্রেসক্লাবের জন্য ইতিবাচক দৃষ্টান্ত হয়ে থাকবে। নির্বাচিত হওয়ার পর নবনির্বাচিত সভাপতি মোর্শেদুর রহমান নয়ন বলেন, কর্ণফুলীতে কর্মরত সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন এবং পারস্পরিক ঐক্য সুদৃঢ় করাই হবে তাদের প্রধান লক্ষ্য। সাংবাদিকদের অধিকার রক্ষা, পেশাগত মর্যাদা বৃদ্ধি এবং সংগঠনকে আরও কার্যকর ও শক্তিশালী করতে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করবেন বলেও তিনি জানান। অন্যদিকে নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোঃ ওসমান হোসেন বলেন, কর্ণফুলী প্রেসক্লাবকে একটি সক্রিয় ও গতিশীল সংগঠনে পরিণত করতে তারা আন্তরিকভাবে কাজ করবেন। তিনি সকল সাংবাদিককে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, মতপার্থক্য থাকলেও পেশাগত স্বার্থে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। সংশ্লিষ্টরা জানান, নতুন কমিটি খুব শিগগিরই পূর্ণাঙ্গ রূপ পাবে। পাশাপাশি কর্ণফুলীতে কর্মরত জাতীয় ও স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের মাঠপর্যায়ের সাংবাদিকদের প্রেসক্লাবের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এতে সংগঠনটি আরও শক্তিশালী ও কার্যকর ভূমিকা রাখতে পারবে বলে আশা করা হচ্ছে। স্থানীয় সাংবাদিকদের মতে, এই নির্বাচন কর্ণফুলী প্রেসক্লাবের সাংগঠনিক কার্যক্রমে নতুন গতি সঞ্চার করবে এবং কর্ণফুলীতে কর্মরত সাংবাদিকদের মধ্যে ঐক্য, সহযোগিতা ও পেশাগত সম্পর্ক আরও সুদৃঢ় করবে।