বিশ্বনাথে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালন

প্রকাশিত: 05:30 বিকাল, 26 মার্চ 2026
বিশ্বনাথ প্রতিনিধি:::সিলেটের বিশ্বনাথে নানান আয়োজনে যথাযোগ্য মর্যাদায় উপজেলা প্রশাসনের উদ্যোগে ‘মহান স্বাধীনতা ও জাতীয় দিবস’ পালন করা হয়েছে। বৃহস্পতিবার ২৬ মার্চ সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও বেসরকারি ভবনগুলোতে জাতীয় পতাকা উত্তোলন এবং কেন্দ্রীয় স্মৃতি স্তম্ভে ৩১ বার তোপধ্বনির প্রদানের মধ্য দিয়ে ‘মহান স্বাধীনতা ও জাতীয় দিবস’ পালনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। এরপর সূর্যোদয়ের সাথে মহান স্বাধীনতা দিবসে ‘শহীদদের’ স্মরণে শ্রদ্ধা জানাতে উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত কেন্দ্রীয় স্মৃতি স্তম্ভে অর্পণ করা হয় শ্রদ্ধাঞ্জলি। উপজেলা প্রশাসনের শ্রদ্ধাঞ্জলি অর্পণের পর একে একে কেন্দ্রীয় স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড, উপজেলা পরিষদ, থানা প্রশাসন, উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠন, বিশ্বনাথ প্রেসক্লাব, বিশ্বনাথ মডেল প্রেসক্লাব, বিশ্বনাথ পৌরসভা, উপজেলা ভূমি অফিস, আনসার-ভিডিপি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স’সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, রাজনৈতিক দল ও সামাজিক সংগঠন। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের পাশাপাশি উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, ইউনিয়ন পরিষদ, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের উদ্যোগে পৃথক পৃথকভাবে নানান অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকাল ৯টায় উপজেলা পরিষদ প্রাঙ্গনে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও সালাম গ্রহন করা হয়। এরপর একই স্থানে পুলিশ, আনসার ও ভিডিপি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, স্কাউটস দল এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সমন্বয়ে কুচকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠিত হয়। সকাল ১০টায় দিবস উপলক্ষ্যে আয়োজিত ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে এবং কুচকাওয়াজ ও ডিসপ্লে’র বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় ফ্রি মেডিকেল ক্যাম্প। সকাল ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ‘বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারবর্গের’ সম্মানে সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট-২ আসনের সংসদ সদস্য ইলিয়াসপত্নী তাহসিনা রুশদীর লুনা। সভা শুরুর পূর্বে এমপি লুনা সভায় উপস্থিত সকল বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারবর্গের সদস্যদেরকে ফুলেল শুভেচ্ছা জানান। উপজেলা পরিষদের প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে কুলছুম রুবির সভাপতিত্বে এবং প্রকৌশলী আবু সাঈদের পরিচালনায় অনুষ্ঠিত ‘বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারবর্গের’ সম্মানে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ লুৎফুর রহমান, বিশ্বনাথ থানা অফিসার ইন-র্চাজ (ওসি) গাজী মাহবুবুর রহমান, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী, সাধারণ সম্পাদক লিলু মিয়া, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শামসুল ইসলাম। সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদির। এরপর সুবিধাজনক সময়ে জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে ‘মসজিদ, মন্দির, গীর্জা, প্যাগোডা’সহ অন্যান্য উপাসনালয়ে বিশেষ মোনাজত/প্রার্থনা অনুষ্ঠিত হয় এবং হাসপাতাল ও এতিমখানায় উন্নত মানের খাবার পরিবেশন করা হয়।