কর্ণফুলীতে অবৈধ তেল মজুদ, মোবাইল কোর্টে ৪০ হাজার টাকা জরিমানা
প্রকাশিত: 07:18 বিকাল, 10 এপ্র 2026
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার মইজ্জারটেক এলাকায় অবৈধভাবে জ্বালানি তেল মজুদ রেখে অধিক মূল্যে বিক্রির অভিযোগে একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে “সাঈদ অটোমোবাইলস” নামের একটি প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
শুক্রবার (১০ এপ্রিল) রাত ১০টা ১০ মিনিটে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন কর্ণফুলী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আল আমিন হোসেন। মইজ্জারটেক এলাকার একটি জ্বালানি তেলের দোকানে মোবাইল কোর্ট পরিচালনা করে অবৈধভাবে বিপুল পরিমাণ জ্বালানি তেল মজুদের প্রমাণ পাওয়া যায়।
প্রশাসন সূত্রে জানা যায়, সেনাবাহিনীর একটি টিম শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে দোকানটিতে অভিযান চালিয়ে সেখানে অবৈধভাবে জ্বালানি তেল মজুদের বিষয়টি নিশ্চিত করে। পরে বিষয়টি উপজেলা প্রশাসনকে অবহিত করা হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে উপস্থিত হয়ে মোবাইল কোর্ট পরিচালনা করেন।
অভিযানের সময় দোকানটিতে অবৈধভাবে প্রায় ১ হাজার ৭৫০ লিটার জ্বালানি তেল মজুদ রেখে তা অধিক মূল্যে বিক্রির প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে ৪০ হাজার টাকা অর্থদণ্ড আরোপ করা হয়। একই সঙ্গে জব্দ করা জ্বালানি তেল নিকটবর্তী একটি পেট্রোল পাম্পে বিক্রি করে দেওয়া হয় এবং ভবিষ্যতে ওই দোকানে কোনো ধরনের জ্বালানি তেল বিক্রি না করার জন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়।
অভিযানে সার্বিক সহযোগিতা করে বাংলাদেশ সেনাবাহিনী, র্যাব এবং কর্ণফুলী থানার একটি চৌকস পুলিশ দল। আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে পুরো অভিযান পরিচালিত হয়।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আল আমিন হোসেন বলেন, “গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে অবৈধভাবে জ্বালানি তেল মজুদের বিষয়টি প্রমাণিত হওয়ায় প্রতিষ্ঠানটিকে অর্থদণ্ড দেওয়া হয়েছে। জব্দকৃত তেল আইনানুগভাবে নিকটবর্তী পেট্রোল পাম্পে বিক্রি করা হয়েছে এবং ভবিষ্যতে যাতে এ ধরনের অবৈধ কার্যক্রম না ঘটে সে বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছে।”
তিনি আরও জানান, জনস্বার্থে এ ধরনের অবৈধ মজুদ ও কালোবাজারি প্রতিরোধে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।