ইসলামে নারীর রাজনৈতিক অধিকার বইয়ের মোড়ক উন্মোচন ও প্রকাশনা অনুষ্ঠান সম্পন্ন

প্রকাশিত: 04:37 দুপুর, 11 এপ্র 2026
সিলেটে এক বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে “ইসলামে নারীর রাজনৈতিক অধিকার” শীর্ষক গুরুত্বপূর্ণ বইটির মোড়ক উন্মোচন ও প্রকাশনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বিশিষ্ট গবেষক ডঃ মাহমুদ সাদী রিসোয়ান রচিত বইটির বাংলা অনুবাদ করেছেন দেওয়ান আব্দুল্লাহ রাজা চৌধুরী। আজ নগরীর হোটেল সিলেট ইন-এ আয়োজিত জমকালো অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে বইটির মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসন ও বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী। সিলেট সংলাপের সম্পাদক ফয়জুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানের সঞ্চালনা করেন অনুবাদক দেওয়ান আব্দুল্লাহ রাজা চৌধুরী। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিলেট বিভাগ গণদাবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট চৌধুরী আতাউর রহমান আজাদ, লেখক ও আইনজীবী ড. মোস্তফা আহমেদ মোসতাক, কবি বেলাল আহমেদ চৌধুরী, মাওলানা আব্দুল মালেক চৌধুরী, নিয়াজ মাহমুদ, মহানগর হাসপাতালের পরিচালক মাসুদ আহমেদ, লেখক ও সাংবাদিক মোঃ আমীর হোসেন সোহাগ, সাংবাদিক উৎফল বড়ুয়া, জসিম বুক হাউজের স্বত্বাধিকারী জসিম উদ্দিনসহ বিভিন্ন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ, লেখক, কবি, সাংবাদিক ও শুভানুধ্যায়ীরা। বক্তারা বলেন, “ইসলামে নারীর রাজনৈতিক অধিকার” বইটি নারীর অধিকার ও ইসলামি দৃষ্টিভঙ্গি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা উপস্থাপন করেছে, যা সমাজে সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা আশা প্রকাশ করেন, বইটি পাঠকদের মাঝে ব্যাপক সাড়া ফেলবে এবং সমসাময়িক আলোচনায় নতুন মাত্রা যোগ করবে। অনুষ্ঠানটি ছিল জ্ঞানভিত্তিক আলোচনা, মতবিনিময় ও সাংস্কৃতিক আবহে ভরপুর—যা উপস্থিত সকলের মাঝে ব্যাপক উৎসাহ ও আগ্রহ সৃষ্টি করে।