রাউজানে আম পাড়তে বারণ করায় যুবককে ছুরিকাঘাত

প্রকাশিত: 10:27 দুপুর, 30 মে 2026

চট্টগ্রামের রাউজানে গাছ থেকে আম পাড়তে বারণ করায় মো.জোমেন চৌধুরী (৩৭) নামের এক যুবককে ছুরিকাঘাত করে আহত করা হয়েছে। শনিবার (৩০ মে) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার কদলপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইদ্রিস খান চৌধুরী বাড়িতে এই ঘটনা ঘটে। এই ঘটনায় বাদী হয়ে রাউজান থানায় একটি অভিযোগ করেন ভুক্তভোগী যুবক মো. জোমেন চৌধুরী।

অভিযোগসূত্রে জানা যায়, শনিবার বেলা সাড়ে ১২টার দিকে উল্লেখিত স্থানে গাছ থেকে আম পাড়তে আসে ভুক্তভোগীর অভিযুক্ত প্রতিবেশীরা৷ এসময় আম পাড়তে বারণ করায় ক্ষিপ্ত হয়ে মো.মাসুদ চৌধুরী নামের একজন ভুক্তভোগীকে ছুরি দিয়ে বুকে আঘাত করার চেষ্টা করে। পরে ভুক্তভোগী যুবক সেটি আটকানোর চেষ্টা করলে আঘাত হাতে এসে লাগে। চিৎকার শুনে আশেপাশের লোকজন এগিয়ে এসে যুবককে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে চিকিৎসা নিয়ে তাকে নিজ বাড়িতে নিয়ে যাওয়া হয়।

একই দিন দুপুর ২টার দিকে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ভুক্তভোগী যুবক জোমেন চৌধুরী (৩৭) বলেন, আমাদের পরিবারের পক্ষ থেকে গত ৩মাস যাবৎ জায়গার বিষয় সমাধানের জন্য বৈঠকের আহবান জানানো হয়। তবে হামলাকারীরা সেটি কর্ণপাত করেনি। তারা বিগত সময়েও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিল। আমাদেরকে বহুবার প্রাণনাশের হুমকি দিয়েছিল। সর্বশেষ আজ শনিবার বেলা সাড়ে ১২টার দিকে আমাদের বসতঘরের সামনের গাছ থেকে আম পাড়তে বারণ করায় ঘর থেকে ধারালো ছুরি এনে সরাসরি আমার বুকে আঘাত করার চেষ্টা করে। আমি হাত দিয়ে চেষ্টা করে কোনরকম প্রাণে রক্ষা পাই। তবে ছুরি এসে হাতে লাগে। আমরা এসব সন্ত্রাসীর বিচার চাই। আমাদের পরিবারকে প্রতিনিয়ত হুমকিধামকি দেওয়া হচ্ছে। আমরা নিরাপত্তা চাই। এবিষয়ে রাউজানের সংসদ সদস্য আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরী ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।