আনোয়ারা টানেল চত্বরে বাস দুর্ঘটনা: ২ নারীর প্রাণহানি, আহত ৩০
ফরহাদুল ইসলাম,আনোয়ারা :
চট্টগ্রামের আনোয়ারায় দ্রুতগতির এক যাত্রীবাহী বাসের চাপায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটেছে। বাসটির বেপরোয়া ধাক্কায় একে একে ছয়টি সিএনজিচালিত অটোরিকশা দুমড়ে-মুচড়ে গিয়ে দুই নারী নিহত হয়েছেন এবং আহত হয়েছেন অন্তত ৩০ জন।
বৃহস্পতিবার রাত আনুমানিক আটটার দিকে উপজেলার টানেল সংযোগ চত্বর এলাকায় এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে। ঘাতক বাসটির নম্বর চট্টমেট্রো জ-১১-০২৯০। মর্মান্তিক এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন উপজেলার বারখাইন ইউনিয়নের ঝিউরি এলাকার রমিজ মেম্বার বাড়ির কাজল দত্তের স্ত্রী পলি দত্ত (৩০) এবং একই এলাকার শিমুল শীলের স্ত্রী ইফা শীল (৪০)। নিহত পলি দত্ত দুই সন্তানের জননী ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, টানেল সড়ক থেকে দ্রুতগতিতে বের হয়ে আসা যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে টানেল চত্বরে দাঁড়িয়ে থাকা কয়েকটি সিএনজিচালিত অটোরিকশাকে সজোরে চাপা দেয়। এরপর বাসটি পথপাশের আব্দুল মান্নানের চায়ের দোকানে ঢুকে পড়ে। এতে অটোরিকশাগুলো দুমড়ে-মুচড়ে যায় এবং অটোরিকশার চালক, যাত্রী ও দোকানদারসহ অন্তত ৩০ জন গুরুতর আহত হন।
ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধারকাজে এগিয়ে আসেন এবং আহতদের উদ্ধার করে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুই নারীকে মৃত ঘোষণা করেন।
আনোয়ারা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহাতাব উদ্দিন চৌধুরী জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই দুই নারীর মৃত্যু হয়েছিল। প্রাথমিক চিকিৎসা শেষে বাকি আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানে কয়েকজনের অবস্থা বেশ আশঙ্কাজনক।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী জানান, সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে এবং আহতদের চমেক হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।