এমএজি ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে স্কলার্সহোম মেজরটিলা কলেজের আলোচনা সভা ও তথ্যচিত্র প্রদর্শন

প্রকাশিত: 08:14 সকাল, 01 সেপ্ট 2026
এমএজি ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে স্কলার্সহোম মেজরটিলা কলেজের আলোচনা সভা ও তথ্যচিত্র প্রদর্শন মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক ও দেশপ্রেমের অনন্য প্রতীক জেনারেল আতাউল গণি ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকী উপলক্ষে স্কলার্সহোম মেজরটিলা কলেজে আলোচনা সভা ও তথ্যচিত্র প্রদর্শন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) কলেজ কর্তৃপক্ষের উদ্যোগে ক্যাম্পাস মিলনায়তনে এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্কলার্সহোম মেজরটিলা কলেজের অধ্যক্ষ মো. ফয়জুল হক। জেনারেল আতাউল গণি ওসমানীর প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধে বঙ্গবীর ওসমানীর অনন্য অবদান বাংলাদেশের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁর জীবনাদর্শ নতুন প্রজন্মের জন্য দেশপ্রেম, সততা, সাহস ও মানবিক মূল্যবোধের এক অনন্য দৃষ্টান্ত। স্বাধীন দেশ গঠনে এবং মেধা ও যোগ্যতায় বিশ্বমঞ্চে নেতৃত্ব দিতে তরুণদের তাঁর আদর্শ অনুসরণ করতে হবে। বাংলা বিভাগের বিভাগীয় প্রধান প্রভাষক মীর হোছাইন সরকারের পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত পাঠ করেন ইসলাম শিক্ষা বিভাগের প্রভাষক মাওলানা ফয়সল আহমদ এবং পবিত্র গীতা পাঠ করেন হিন্দু ধর্ম শিক্ষা ও সংগীত বিভাগের প্রভাষক জুঁই রানী তালুকদার। স্বাগত বক্তব্য রাখেন কলেজের একাডেমিক ইনচার্জ প্রভাষক কাজী সাখাওয়াত হোসেন। তিনি বঙ্গবীর ওসমানীর সামরিক জীবন ও মুক্তিযুদ্ধে সুসংগঠিত নেতৃত্বের বিভিন্ন দিক তুলে ধরেন। শিক্ষকদের পক্ষে বক্তব্য রাখেন পৌরনীতি বিভাগের প্রভাষক মোহাম্মদ শরিফুল ইসলাম। এছাড়া শিক্ষার্থীদের পক্ষ থেকে দ্বাদশ শ্রেণির (ডেফোডিল শাখা) শিক্ষার্থী সুমাইয়া বাহার শিমু ও নুজহাত তাসফিয়া চৌধুরী বক্তব্য প্রদান করেন। আলোচনা সভার বিশেষ আকর্ষণে ছিল জেনারেল আতাউল গণি ওসমানীর জীবন ও কর্মের ওপর নির্মিত তথ্যচিত্র প্রদর্শন। কলেজের আইসিটি বিভাগের প্রভাষক খাইরুল আলম উত্তম এটি প্রদর্শন করেন। তথ্যচিত্রের মাধ্যমে শিক্ষার্থীরা মুক্তিযুদ্ধের স্মৃতি এবং বঙ্গবীর ওসমানীর গৌরবময় সামরিক জীবনের আদ্যোপান্ত প্রত্যক্ষ করে। অনুষ্ঠানে কলেজের সর্বস্তরের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। পরিশেষে এমএজি ওসমানীর আত্মার মাগফিরাত ও দেশের কল্যাণ কামনার মধ্য দিয়ে আয়োজনের সমাপ্তি ঘটে।-বিজ্ঞপ্তি