রাউজানে এক হাজার পরিবারে সিআইপি শেখ নবী ফাউন্ডেশনের ‘ভালবাসার উপহার’ বিতরণ

প্রকাশিত: 07:17 সকাল, 18 মার্চ 2026
প্রতিবছরের ধারাবাহিকতায় এবারও চট্টগ্রামের রাউজানে এক হাজার অসচ্ছল পরিবারের মাঝে ইফতার ও নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করেছে সিআইপি শেখ নবী ফাউন্ডেশন। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ১০টায় উপজেলার পাহাড়তলী ইউনিয়নের শেখপাড়া গ্রামের শেখ টাওয়ার চত্বরে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে চালের বস্তা, সয়াবিন তেল, আলু, পেঁয়াজ, নগদ অর্থসহ বিভিন্ন ইফতার সামগ্রী বিতরণ করা হয়। পবিত্র মাহে রমজানুল মোবারকের তাৎপর্যকে সামনে রেখে রোজাদারদের সঙ্গে ইফতার ও সেহরির আনন্দ ভাগাভাগি করতে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে আয়োজকরা জানান। ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা, বাংলাদেশ সরকার কর্তৃক সিআইপি পদক ও শ্রেষ্ঠ তরুণ করদাতা পদকে ভূষিত প্রবাসী ব্যবসায়ী সিআইপি শেখ নবী-এর অর্থায়নে এ সহায়তা প্রদান করা হয়। মুসলিম পরিবারের পাশাপাশি বৌদ্ধ ও সনাতনী ধর্মাবলম্বী পরিবারগুলোকেও সহায়তার আওতায় আনা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত দোয়া-মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সিআইপি শেখ নবী। এই সময় উপস্থিত ছিলেন ইলিয়াস তালুকদার, শেখ নওশেদ, শেখ নিহাদ, আবু সেলিম মানিক, চৌধুরী মোহাম্মদ সাহেদ, মেহেরুজ্জামান চৌধুরী, আমিন তালুকদার, মো. সাইফুদ্দিন চৌধুরী সাবু, কামরুল হাছান তালুকদার জনি, মো. আবিত, মো. আব্দুল, মো. শৈকত, মো. সোহেল, মো. মহিউদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। উল্লেখ্য, গত দেড় দশক ধরে সিআইপি শেখ নবীর অর্থায়নে রমজান মাসে ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। এছাড়া গত আট বছর ধরে প্রতি পরিবারকে ইফতার সামগ্রীর সঙ্গে চালের বস্তা প্রদান করা হচ্ছে। ফাউন্ডেশনের মাধ্যমে শিক্ষা ও চিকিৎসা অনুদান, কন্যাদায়গ্রস্ত পরিবারের বিবাহ সহায়তা, বিভিন্ন স্কুল ও মাদ্রাসায় অনুদানসহ আর্থসামাজিক উন্নয়নমূলক নানা কার্যক্রম পরিচালিত হচ্ছে। সিআইপি শেখ নবী বলেন, শেখপাড়াসহ আশপাশের খানপাড়া, ঊনসত্তর পাড়া, মহামুনি বড়ুয়া পাড়া ও বহলপুর হিন্দুপাড়ায় নিয়মিতভাবে চালের বস্তা বিতরণ করা হচ্ছে। অতীতে এ ধরনের সহায়তা প্রদানে রাজনৈতিক প্রতিবন্ধকতা থাকলেও গত দুই বছর ধরে নির্বিঘ্নে কার্যক্রম পরিচালনা করা যাচ্ছে। এ জন্য তিনি রাউজান চৌধুরী পরিবার এবং নবনির্বাচিত সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরী-কে ধন্যবাদ জানান। তিনি আরও বলেন, প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিত হলে তারা দেশের আর্থসামাজিক উন্নয়নে আরও ব্যাপকভাবে এগিয়ে আসবে। ভবিষ্যতেও এ ধারাবাহিকতা বজায় রাখতে তিনি সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন।