ঢাকা | বঙ্গাব্দ
Netfie
N
মাত্র ৮,৫০০ টাকায় Website থেকে App তৈরি করুন
✓ Play Store Publish Android App Push Notification
যোগাযোগ করুন → 01884-189495

৯৪ মিনিটের গোলে রেয়াল মাদ্রিদকে রুখে দিল বেতিস

  • নিউজ প্রকাশের তারিখ : Apr 25, 2026 ইং
  • পঠিত: ১৩৬ বার
Overlay/Verification

রেয়াল বেতিসের বিপক্ষে কঠিন পরীক্ষা দিতে হলো রেয়াল মাদ্রিদকে। দারুণ কয়েকটি সেভ করে বারবার দলকে বাঁচালেন গোলরক্ষক আন্দ্রি লুনিন। একদম শেষ মুহূর্তে গিয়ে আর পারলেন না তিনি। জয়ের দুয়ারে থেকে পয়েন্ট হারাল আলভারো আরবেলোয়ার দল।


বেতিসের মাঠে শুক্রবার রাতে লা লিগার ম্যাচটি ১-১ ড্র হয়েছে।


প্রথমার্ধে সফরকারীদের এগিয়ে নেন ভিনিসিউস জুনিয়র। দ্বিতীয়ার্ধের যোগ করা তিন মিনিট পেরিয়ে ৯৩ মিনিট ৫ সেকেন্ডে সমতা টানে স্বাগতিকরা।

এই ড্রয়ে বার্সেলোনার সঙ্গে ব্যবধান আবার ৬ পয়েন্টে নামিয়ে আনার সুযোগ হারাল রেয়াল মাদ্রিদ। ৩৩ ম্যাচে ২৩ জয় ও পাঁচ ড্রয়ে ৭৪ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে তারা। তাদের চেয়ে এক ম্যাচ কম খেলে ৮২ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা।
৩৩ ম্যাচে ৫০ পয়েন্ট নিয়ে পাঁচে আছে রেয়াল বেতিস।


আক্রমণে দাপট দেখায় বেতিসই। ৫২ শতাংশ পজেশন রেখে গোলের জন্য তাদের ১৯ শটের চারটি ছিল লক্ষ্যে। রেয়াল মাদ্রিদের ১২ শটের আটটি লক্ষ্যে ছিল।


ম্যাচের শুরুতে রেয়াল মাদ্রিদের বক্সে ব্রাহিম দিয়াসের হাতে বল লাগলে পেনাল্টির আবেদন করে বেতিস। তবে রেফারির সাড়া মেলেনি।
রেয়াল মাদ্রিদ প্রথম সুযোগ পায় অষ্টম মিনিটে। দুরূহ কোণ থেকে ভলি লক্ষ্যে রাখতে পারেননি কিলিয়ান এমবাপে। দলটির জার্সিতে শততম ম্যাচ খেলতে নামা এই ফরাসি তারকা ত্রয়োদশ মিনিটে দারুণ সুযোগ নষ্ট করেন। বক্সের ভেতর থেকে ওয়ান-অন-ওয়ানে উড়িয়ে মারেন তিনি।


তিন মিনিট পরই গোলের দেখা পায় রেয়াল মাদ্রিদ। প্রায় ৩৫ গজ দূর থেকে ফেদেরিকো ভালভের্দের জোরাল নিচু শট বেতিস গোলরক্ষক ঝাঁপিয়ে ঠেকালেও বিপদমুক্ত করতে পারেননি। কাছ থেকে শটে জালে পাঠান ব্রাজিলিয়ান তারকা ভিনিসিউস।


৩৪তম মিনিটে ব্যবধান বাড়ানোর সুযোগ হারান জুড বেলিংহ্যাম। বক্সে এমবাপের পাসে বল উড়িয়ে মারেন ইংলিশ মিডফিল্ডার।


৪৪তম মিনিটে লুনিনের দুর্দান্ত সেভে সমতায় ফেরা হয়নি বেতিসের। বক্সের বাইরে থেকে আন্তোনির শট ঝাঁপিয়ে এক হাতে বাইরে পাঠান ইউক্রেইনের গোলরক্ষক।


প্রথমার্ধের যোগ করা সময়ে আবার সফরকারীদের বাঁচান লুনিন। বাকাম্বুর প্রচেষ্টা এগিয়ে এসে রুখে দেওয়ার পর, আন্তোনির শট এক হাতে ক্রসবারের ওপর দিয়ে পাঠান তিনি।
৫৪তম মিনিটে এমবাপে বল জালে পাঠালেও গোল মেলেনি, বিল্ডআপের সময় অফসাইডে ছিলেন ট্রেন্ট অ্যালেকজ্যান্ডার-আর্নল্ড।
৬৬তম মিনিটে আরেকটি দারুণ সেভে জাল অক্ষত রাখেন লুনিন। বক্সের ভেতর থেকে জোরাল শট করেন চুচো এর্নান্দেসে, লাফিয়ে এক হাতে বল ক্রসবারের ওপর দিয়ে পাঠান গোলরক্ষক।


জয়ের পথেই ছিল রেয়াল মাদ্রিদ। কিন্তু অন্তিম মুহূর্তে বদলে যায় চিত্র। বক্সে আন্তোনির শট প্রতিহত হওয়ার পর, জোরাল শটে জটলার মধ্যে দিয়ে বল জালে পাঠান এক্তর বেইয়েরিন। উল্লাসে ফেটে পড়ে যেন গোটা স্টেডিয়াম।


নিউজটি আপডেট করেছেন : দৈনিক ইনফো বাংলা

কমেন্ট বক্স