ঢাকা | বঙ্গাব্দ
Netfie
N
মাত্র ৮,৫০০ টাকায় Website থেকে App তৈরি করুন
✓ Play Store Publish Android App Push Notification
যোগাযোগ করুন → 01884-189495

ঈদের রাতে কর্ণফুলীতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত ৩

  • নিউজ প্রকাশের তারিখ : May 28, 2026 ইং
  • পঠিত: ৪০৮ বার
Overlay/Verification

চট্টগ্রামের কর্ণফুলীতে ঈদুল আজহার রাতে বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে অন্তত তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২৫ থেকে ৩০ জন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
বৃহস্পতিবার (২৮ মে) রাত আনুমানিক ৯টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কর্ণফুলী উপজেলার শিকলবাহা ইউনিয়নের ভেল্লাপাড়া ব্রিজ এলাকায়, শিকলবাহা টাওয়ারের গোড়ায় এ ভয়াবহ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কর্ণফুলীর মইজ্জারটেক এলাকা থেকে যাত্রী নিয়ে ছেড়ে যাওয়া একটি লেগুনা (রেজিস্ট্রেশন নম্বর: চট্টগ্রাম এ-১১-০১১৫) চট্টগ্রাম শহরের দিকে যাচ্ছিল। এসময় কক্সবাজার থেকে চট্টগ্রামমুখী দ্রুতগতির ঈগল পরিবহনের একটি বাস (রেজিস্ট্রেশন নম্বর: চট্টগ্রাম জ-১১-০১১৬) ওভারটেক করতে গিয়ে লেগুনাটিকে সজোরে ধাক্কা দেয়।
সংঘর্ষের পর লেগুনাটি দুমড়ে-মুচড়ে সড়কের পাশে ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই কয়েকজন গুরুতর আহত হন। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন, ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা উদ্ধারকাজ শুরু করেন। আহতদের দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়।
বিশেষ সূত্রে জানা গেছে, এ ঘটনায় অন্তত তিনজন নিহত হয়েছেন। আহত অবস্থায় ২৫ থেকে ৩০ জনকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা সংকটাপন্ন হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
কর্ণফুলী থানার উপপরিদর্শক (এসআই) পরিতোষ দাশ জানান, “ঘটনাস্থল থেকে অন্তত আটজনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে হতাহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। প্রকৃত হতাহতের সংখ্যা যাচাই করা হচ্ছে।”
প্রত্যক্ষদর্শীরা জানান, ঈগল পরিবহনের বাসটি বেপরোয়া গতিতে চলছিল। ওভারটেক করতে গিয়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে লেগুনাকে ধাক্কা দেয়। সংঘর্ষের শব্দে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
দুর্ঘটনার পর মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি সড়ক থেকে সরিয়ে নেওয়া হয় এবং যান চলাচল স্বাভাবিক করা হয়।
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার পর ঈগল পরিবহনের বাসচালক পালিয়ে গেছেন। তাকে শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে। একইসঙ্গে দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
স্থানীয়দের অভিযোগ, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে দীর্ঘদিন ধরে বেপরোয়া গতিতে যান চলাচল ও ঝুঁকিপূর্ণ ওভারটেকের কারণে একের পর এক দুর্ঘটনা ঘটছে। বিশেষ করে ঈদকে কেন্দ্র করে অতিরিক্ত যানবাহন চলাচলের কারণে মহাসড়ক আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।


নিউজটি আপডেট করেছেন : Sarwar Rana

কমেন্ট বক্স